ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে আসন্ন ওয়ার্ড কাউন্সিলর নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীদের আওয়ামী লীগ মনোনয়ন দেবে বলে জানিয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান। গতকাল সোমবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে কাউন্সিলর প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠানের আগে সাংবাদিকদের তিনি এ কথা জানিয়ে বলেন, বিদ্রোহীদের ব্যাপারে দলের গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন হতে যাওয়া ৩৬টি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মনোনয়ন কমিটির প্রধান ফারুক খান।
সাংবাদিকদের তিনি আরও বলেন, আজকে আমরা সমবেত হয়েছি ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের তথ্য যাচাই-বাছাইয়ে। তাদের জীবনবৃত্তান্ত আমরা দেখব। তাদের ভেতরে যারা সৎ ও যোগ্য এবং সামাজিক কর্মকান্ডের সঙ্গে জড়িত তাদের আমরা মনোনয়ন দেওয়ার চিন্তাভাবনা করছি।
ফারুক খান বলেন, তালিকার বাইরে যদি কেউ সৎ ও যোগ্য নেতা থেকে থাকে তাদের বিশেষ বিবেচনায় আনব। তালিকায় যাদের নাম আছে ক্রমানুসারে সবার সাক্ষাৎকার নেওয়া হবে। সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, অন্য কোনো দল নির্বাচনে না এলে ৩০ জানুয়ারির পরে বোঝা যাবে কীভাবে নির্বাচন হবে।
