হেরিটেজ ফাউন্ডেশন

বিশ্বে অর্থনৈতিক স্বাধীনতার সূচকে বাংলাদেশ ১২১তম

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ০৪:০৯ এএম

বিশ্বে অর্থনৈতিক স্বাধীনতার সূচকে ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২১তম। গত শনিবার যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হেরিটেজ ফাউন্ডেশনের প্রতিবেদনে এই সূচক তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালের জন্য প্রস্তুত করা সূচকে বাংলাদেশের প্রাপ্ত নম্বর ৫৫.৬। গত বছরের তুলনায় বাংলাদেশের সাত ধাপ উন্নতি এবং নম্বর বেড়েছে শূন্য দশমিক পাঁচ। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর গড় নম্বর ৬০ দশমিক ৬ এবং বৈশ্বিক গড় নম্বর ৬০ দশমিক ৮।

প্রতিষ্ঠানটির ২০১৯ সালের অর্থনৈতিক স্বাধীনতার সূচকে বাংলাদেশের অবস্থান ১২১তম। ভারতের অবস্থান ১২৯তম। পাকিস্তান ১৩১, নেপাল ১৩৬ ও শ্রীলঙ্কার অবস্থান ১১৫তম। তবে তালিকায় চীনের অবস্থান ১০০তম। প্রথম তিনে আছে হংকং, সিঙ্গাপুর ও নিউজিল্যান্ড। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় ৪৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ২৭তম।

প্রতিবেদনে বলা হয়, ‘আইনের শাসন’ বিভাগের ‘সম্পত্তির মালিকানা’ সংক্রান্ত ব্যবস্থাপনা শাখায় ৩৬.১, ‘বিচার বিভাগের কার্যকারিতা’ শাখায় ৩৪.৫ ও ‘সরকারের নিষ্ঠা’ বিভাগে ২৪.৪ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। বিভাগগুলোতে বাংলাদেশ উন্নতি করলেও হেরিটেজ ফাউন্ডেশন বলছে, বাংলাদেশে সম্পত্তির মালিকানা সংক্রান্ত আইনগুলো পুরনো। বিচার বিভাগ শ্লথ এবং স্বাধীনতার অভাব রয়েছে। চুক্তি কার্যকর এবং মতবিরোধ নিরসনের প্রক্রিয়া অপর্যাপ্ত। দুর্নীতির মহামারী, অপরাধ প্রবণতা, দুর্বল আইনের শাসন এবং রাজনৈতিক মেরুকরণ সরকারের জবাবদিহিতাকে খর্ব করেছে।

আরও বলা হয়, ‘করের বোঝা’ শাখায় বাংলাদেশ ৭২.৭, ‘সরকারি ব্যয়’ শাখায় ৯৪.৫ ও ‘রাজস্ব সক্ষমতা’ বিভাগে ৭৭.৬ পয়েন্ট পেয়েছে। হেরিটেজ ফাউন্ডেশন জানায়, বাংলাদেশে ব্যক্তি খাতে সর্বোচ্চ কর হার ২৫ শতাংশ এবং করপোরেট কর হার ৪৫ শতাংশ। কর থেকে আসা আয়ের প্রমাণ মোট দেশজ আয়ের ৮.৮ শতাংশের সমান। গত তিন বছরে সরকারি ব্যয় বেড়েছে জিডিপির ১৩.৬ শতাংশ। বাজেট ঘাটতির গড় হয়েছে জিডিপির ৩.৬ শতাংশ। সরকারের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে জিডিপির ৩২.৪ শতাংশে। ‘নীতিনির্ধাণের কার্যকারিতা’ বিভাগের ‘ব্যবসার স্বাধীনতা’ শাখায় বাংলাদেশ ৫০.৯, ‘শ্রমের স্বাধীনতা’ শাখায় ৬৮.২ ‘মুদ্রানীতি’ শাখায় ৬৯.৯ পয়েন্ট পেয়েছে। শ্রমের স্বাধীনতা শাখায় বাংলাদেশের নম্বর বৈশ্বিক গড়ের চেয়ে বেশি।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ১৯৭৩ সালে হেরিটেজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠানটি প্রতিবছর ‘অর্থনৈতিক স্বাধীনতা সূচক’ প্রকাশ করে থাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত