ফরিদপুরে জাল দলিল একজনের যাবজ্জীবন সাতজনকে ১০ বছর জেল

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ১১:৪২ পিএম

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় জাল দলিল করায় এক শিক্ষককে যাবজ্জীবন ও সাব-রেজিস্ট্রি কার্যালয়ের সাতজনকে ১০ বছর করে কারাদণ্ডসহ অর্থদণ্ড দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার ফরিদপুরের বিশেষ জজ আদালতের বিচারক মো. মতিয়ার রহমান এই রায় ঘোষণা করেন।

আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ২ মার্চ জমির মালিক শেখ আবদুল মোতালেব বাদী হয়ে নগরকান্দা থানায় জাল দলিলের অভিযোগ তুলে এক শিক্ষকসহ সাব-রেজিস্ট্রি কার্যালয়ের নয়জনকে আসামি করে মামলা করেন। মামলাটি পরে দুর্নীতি দমন কমিশন (দুদক) ফরিদপুর কার্যালয় থেকে তদন্ত করে আদালতে প্রতিবেদন দেওয়া হয়। মামলা চলাকালে এক আসামি মারা যান।

জজ আদালতের দুদকের পিপি মজিবুর রহমান জানান, নগরকান্দার সাব-রেজিস্ট্রি কার্যালয়ে জাল দলিল করায় দোষী সাব্যস্ত করে একজনের যাবজ্জীবন ও সাতজনকে ১০ বছর কারাদণ্ডসহ অর্থদণ্ড দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, শ্রীরামদিয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গিয়াসউদ্দিন মোল্লাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া মামলার অন্য আসামি অফিস পিয়ন মো. আবু বক্কার, নকলনবিশ ইসমত আরা বেগম, সুজিত কুমার বিশ্বাস, দেলোয়ার হোসেন, উষা বিশ্বাস, আনজু আক্তার ও মোহাম্মদ আলীদের ১০ বছর করে সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। আসামিদের মধ্যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত গিয়াসউদ্দিন মোল্লা ও ১০ বছরের সাজাপ্রাপ্ত ইসমত আরা বেগম পলাতক। অন্যরা রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত