জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারে ভুলত্রুটি ছিল: সিইসি

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ১২:১৬ পিএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে কোথাও কোথাও ভুলত্রুটি ও অসুবিধা ছিল বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। সেই সঙ্গে উপজেলা নির্বাচনে এমন ভুলত্রুটির পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্টদের সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

রাজধানীর আগারগাঁওস্থ ইটিআই ভবনে বুধবার সকালে ৫ম উপজেলা নির্বাচন পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ এবং ইভিএম ব্যবহারের মাধ্যমে ভোটগ্রহণ শীর্ষক প্রশিক্ষণ উদ্বোধনকালে সিইসি এ নির্দেশনা দেন।

কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘ইভিএম নিয়ে আমরা অনেক কথা বলেছি। ইভিএম আমরা ধারণ করি। ইভিএমের ওপরে আমাদের আস্থা, বিশ্বাস নানা কারণে এ কথা আপনাদের সামনে আমরা বারবার বলেছি। যত্নসহকারে এর প্রশিক্ষণ নেবেন এবং প্রশিক্ষণ দেবেন।’

‘নতুন একটা পদ্ধতি বলে এর কোথাও কোথাও কোনো ভুলভ্রান্তি হলে মানুষের মধ্যে আস্থার সংকট সৃষ্টি হয়। সেটা আপনাদের ওপর নির্ভর করে’

নূরুল হুদা বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে ছয়টি নির্বাচনী এলাকায় আমরা ইভিএম ব্যবহার করেছি। দুর্ভাগ্যজনক হলেও সত্য কোথাও কোথাও ভুলত্রুটি ছিল, অসুবিধা ছিল। নতুন একটা পদ্ধতি প্রয়োগের সময় এরকম হতে পারে। একেবারে হতে পারে না এটা আমি বলব না। তবুও আপনাদের সাবধানতা, সতর্কতা যদি বেশি থাকে, তাহলে সেরকম ভুল হওয়া উচিত ছিল না।’

তিনি বলেন, ‘আমরা বলেছিলাম- এটা এমন একটা সিস্টেম যে আধাঘণ্টা, একঘণ্টার মধ্যে জনগণের কাছে তুলে দেব। আমরা সেটা পারিনি। কেন পারিনি সে কারণগুলো নির্ধারণ করতে হবে। জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের কী ভুল ছিল, সেগুলো শনাক্ত করতে হবে। সেগুলো সংশোধন করতে হবে।’

ইভিএম ব্যবহার করতে পারলে নির্বাচনে যে অনিয়ম হয়, তার বেশিরভাগ বন্ধ হয়ে যাবে বলে দাবি করেন সিইসি।

এসময় সার্থকভাবে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করার জন্য কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করে তিনি বলেন, উপজেলা নির্বাচনের সঙ্গে জাতীয় সংসদ নির্বাচনের কাঠামোগত দিক থেকে খুব একটা পার্থক্য নেই। স্থানীয়ভাবে হওয়ায় এই নির্বাচনগুলো আরও বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়।

‘আমি আশা করব- যেভাবে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনায় আপনাদের ভূমিকা স্বচ্ছ, নিরপেক্ষ এবং দৃঢ় ছিল, এবারও আপনাদের ভূমিকা সেরকম স্বচ্ছ, নিরপেক্ষ হবে’ যোগ করেন নূরুল হুদা।

এ সময় নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত