শ্রীলঙ্কা দলের নির্বাচক কমিটি থেকে বাদ হাথুরুসিংহে

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ০১:০৬ পিএম

কোচের ভূমিকা পালনের পাশাপাশি দল নির্বাচনেও হস্তক্ষেপ করা যেন অভ্যাসে পরিণত হয়েছিল চন্দিকা হাথুরুসিংহের। বাংলাদেশ দলে এমনটা করার পর শ্রীলঙ্কা দলেও তা-ই করতে থাকেন। এই অভ্যাস তাকে আর ধরে রাখতে দিচ্ছে না শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। কেড়ে নেওয়া হয়েছে দল নির্বাচনে তার ক্ষমতা। এখন থেকে তিনি শুধুই কোচ।

এখন থেকে সফরে আর একাদশ নির্বাচনের কোনও ক্ষমতা থাকবে না হাথুরুসিংহের। জাতীয় দলের নির্বাচন করবেন ম্যানেজার ও অধিনায়ক নির্বাচক কমিটির সঙ্গে আলোচনা করে। এসএলসির এক বিবৃতিতে বুধবার এমন নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্বাচক কমিটি সদস্যরা হলেন- আসান্তা ডি মেল, ব্রেন্ডন কুরুপ্পু, হেমন্ত বিক্রমারত্নে ও চামিন্দা মেন্ডিস।

শ্রীলঙ্কা ক্রিকেটের আগের নির্বাহী কমিটির প্রধান ছিলেন থিলাঙ্গা সুমাথিপালা। তার সময়ে সফরে হাথুরুসিংহেকে করা হয় অন্যতম একজন নির্বাচক। বোর্ডের কাছ থেকে চেয়েও দায়িত্বটি নেন হাথুরু। কিন্তু শ্রীলঙ্কার ক্রীড়া আইন কোনভাবেই কোচকে নির্বাচকের ভূমিকা কাজ করতে অনুমতি দেয় না।

শ্রীলঙ্কা দল খুব বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। নিউজিল্যান্ড সিরিজে ব্যর্থতার পর অস্ট্রেলিয়া সফরেও তাদের শুরুটা ভালো করতে পারেনি তারা। দুই ম্যাচে টেস্ট সিরিজের প্রথমটিতে ইনিংস ব্যবধানে হেরেছে তারা। দুই ও শেষ টেস্ট হবে শুক্রবার থেকে, ক্যানবেরায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত