মাগুরায় মোটরসাইকেলের কাগজপত্র দেখা নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে আবীর হোসেন ইভান নামে এক ছাত্রলীগ কর্মীকে লাঠিপেটা করেছে পুলিশ। ছাত্রলীগ এঘটনায় শহরে সড়ক অবরোধ করলে জেলা আওয়ামী লীগের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ।
গতকাল বুধবার সকাল ১১টার দিকে শহরের চৌরঙ্গী মোড়ে এঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে ও দোষী পুলিশ সদস্যর শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে শহরের চৌরঙ্গী মোড়ে সড়ক অবরোধ করে ছাত্রলীগ নেতাকর্মীরা।
জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল জানান, মোটরসাইকেলের কাগজপত্র ও হেলমেট চেকিংয়ের সময় ট্রাফিক পুলিশ ও কমিউনিটি পুলিশিং এর যৌথ অভিযানে স্কাউট সদস্যদের সঙ্গে ছাত্রলীগকর্মী আবির হোসেন ইভান এর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। একপর্যায়ে পুলিশ ইভানকে বেধড়ক লাঠিপেটা করে আহত করে। এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করে। একপর্যায়ে শহরের চৌরঙ্গী মোড়ে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন শুরু করে ছাত্রলীগ।
এদিকে, পরিস্থিতি সামাল দিতে পুলিশ পরে জেলা আওয়ামী লীগের সভাপতি খান তানজেল হোসেন, জেলা চেয়ারম্যান পংকজ কুন্ডু ও মেয়র খুরশিদ হায়দার টুটুল এবং অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবস্থান তুলে নেয় ছাত্রলীগ।
ঘণ্টাব্যাপী সড়ক অবরোধে শহরের যান চলাচল বন্ধ থাকায় অসহনীয় দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ।
এ ব্যাপারে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, মোটরসাইকেলের কাগজ দেখা নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে দায়িত্বরতদের ভুল বোঝাবুঝি হয়। পরে নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে বিষটির সমাধান করা হয়েছে।
