গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, আওয়ামী লীগ যে স্বৈরাচারী পন্থায় ক্ষমতায় গিয়েছে এর আগে কোনো সরকার এ রকম স্বৈরাচারী পন্থায় ক্ষমতায় যায়নি। তারা বিএনপি ও জাতীয় পার্টিকে নিয়ে যে সমালোচনা করে তা তাদের মানায় না।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত হয়নি। তারা ভোট ডাকাতি করে ক্ষমতায় এসেছে। অবিলম্বে এই ভোট ডাকাতির নির্বাচন বাতিল চাই, ভোট ডাকাতির নির্বাচন বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চাই।
মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী লীগ দুর্নীতির জিরো টলারেন্সে আনার ঘোষণা দিয়েছে। অথচ তারা প্রশাসনকে দিয়ে নির্বাচনে ভোট ডাকাতির দুর্নীতি করেছে তা থামাবে কী করে? যারা কাঁচা টাকা পেয়ে দুর্নীতি করেছে তারা কী এখন আওয়ামী লীগ সরকারের কথা শুনবে?
বক্তারা আরো বলেন, যদি আওয়ামী লীগ দুর্নীতি জিরো টলারেন্সে আনতে চায় তাহলে দেশে সুষ্ঠু নির্বাচন দিতে হবে। দেশে আবার গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে তাহলেই সম্ভব তা ছাড়া সম্ভব না।
সিপিবির সাধারণ সম্পাদক শাহে আলমের সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বজলুর রশিদ ফিরোজ, মানস নন্দী প্রমুখ।
