এসএসসি পরীক্ষা চলাকালে ঢাকা মহানগরীর বিভিন্ন কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে পুলিশ। আগামী ২ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ‘২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় পরীক্ষা কেন্দ্রসমূহের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণ প্রবেশ নিষিদ্ধ। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরীক্ষা নিশ্চিত করার জন্য ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া ডিএমপি অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারার ক্ষমতাবলে এই আদেশ দিয়েছেন।’
