গত ১৯ জানুয়ারি 'কনফিউশন' অ্যালবাম প্রকাশের মধ্য দিয়ে বাংলাদেশের ব্যান্ড জগতে আত্মপ্রকাশ করে ব্যান্ডদল বাংলা ফাইভ। প্রকাশের পরপরই অ্যালবামটি সাড়া ফেলেছে শ্রোতাদের মাঝে। বিভিন্ন অ্যাপ, রেডিও এবং অনলাইন প্ল্যাটফর্মে শ্রোতাপ্রিয় গানের তালিকায় উঠে আসছে তাদের গান।
অ্যালবাম প্রকাশের ধারাবাহিকতায় এবার তারা হাজির হলেন তাদের প্রথম মিউজিক ভিডিও ‘মনে করো’ নিয়ে। মিউজিক ভিডিওটি পরিচালনা করেন কারিশমা চৌধুরী, চিত্রগ্রহণে ছিলেন ‘উধাও’খ্যাত নির্মাতা অমিত আশরাফ। এতে মডেল হয়েছেন নৃত্যশিল্পী উপমা।
মিউজিক ভিডিওটির ইউটিউব ডিস্ট্রিবিউশন পার্টনার হিসেবে আছে বঙ্গ বিডি। তাদের ইউটিউব চ্যানেলে ৩১ জানুয়ারি সন্ধ্যায় মুক্তি পেয়েছে মিউজিক ভিডিওটি।
পরিচালক কারিশমা মনে করেন, গানের কথার সঙ্গে মিল রেখে এই ভিডিওটিতে দেখানো হয়েছে, কীভাবে আমরা প্রতিদিন নানান ব্যস্ততায় আষ্টেপৃষ্ঠে জড়িয়ে যাচ্ছে, শরীরটা চরকি হয়ে যাচ্ছে, মানুষ সময় পাচ্ছে না নিজেকে সময় দেবার, তবুও মানুষ স্বপ্ন দেখে, একটা পূর্ণিমার চাঁদ এসে যেন কেড়ে নেয় সকল ব্যস্ত সময়।
মিউজিক ভিডিওতে ‘চাঁদ’ চরিত্রে ভূমিকা রাখেন উপমা। ব্যান্ডের ভোকাল সিনা হাসান বলেন, “অডিও আকারে অ্যালবাম প্রকাশের পর শ্রোতাদের ব্যাপক সাড়া পাচ্ছি। ইতিমধ্যেই বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে শ্রোতাদের জনপ্রিয় গানের তালিকায় এসেছে অ্যালবামের গানগুলো। গানকে শ্রোতার মনে পৌঁছে দিতে এই ভিডিওটিও আশা করি দর্শকমনে সাড়া ফেলবে, আশা করি আমরা নতুন কিছু দিতে পারছি। সামনে আরও ৩টি এনিমেটেড ভিডিও আমাদের আসছে, আপনারা সঙ্গে থাকবেন, তাহলেই আমাদের কষ্ট সার্থক হবে।”
দেশে নিয়মিত কনসার্টের পাশাপাশি ভারতেও ডাক পাচ্ছে ব্যান্ডটি। শিগগিরই তারা ভারতে ও নেপালে অ্যালবাম প্রমোশন ট্যুর করবে বলেও জানায় বাংলা ফাইভ।
