স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, ‘সাংবাদিক তথা সংবাদপত্রবিহীন কোনো সভ্যসমাজ ও গণতন্ত্র চলতে পারে না। সাংবাদিকরাই দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। তাই সাংবাদিকরাই যেন রাষ্ট্রের কল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তাদের পেশাগত দায়িত্ব পালন করেন।’
শুক্রবার যশোরের মণিরামপুর উপজেলা প্রেসক্লাবের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশকে সোনার বাংলায় পরিণত করবেন। কোনো গ্রাম গ্রাম থাকবে না, শহরে রূপান্তরিত হবে। দেশ আজ উন্নয়নের শিখরে পৌঁছে যেতে চলেছে। আমরা যেন এ উন্নয়ন অব্যাহত রাখতে পারি সেদিকে সকলকে আন্তরিক হতে হবে।’
প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ লিটনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহামুদুল হাসান, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র অ্যাড. শহীদ ইকবাল হোসেন, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিটি এডিটর মধুসূদন মন্ডল প্রমুখ।
