আগামী নির্বাচন অতি শিগগিরই হবে: খন্দকার মাহবুব

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:০৪ পিএম

একাদশ জাতীয় সংসদকে ‘প্রতারণা’ হিসেবে অভিহিত করে বিএনপির এই ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, ‘আগামী নির্বাচন অতি শিগগিরই হবে’।

তিনি বলেছেন, আজকের সরকার প্রতারণা করে, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সহায়তায় ক্ষমতায় এসেছে। জনগণকে আশা-আকাঙ্ক্ষা থেকে বঞ্চিত করে কোনো সরকার, কোনো দল ক্ষমতায় থাকতে পারবে না। এ সরকারকেও সরে যেতে হবে।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে নাগরিক অধিকার আন্দোলন ফোরামের উদ্যোগে কারাবন্দী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।

মাহবুব হোসেন বলেছেন, আইনের সাধারণ প্রক্রিয়ায় খালেদা জিয়াকে মুক্ত করা কঠিন হবে। কারণ বর্তমান সরকার সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। তাই খালেদা জিয়াকে আইনি প্রক্রিয়ায় বের করা যাবে না। তাকে জেলে রেখে বিএনপি নির্বাচনে গেছে। দলের এ সিদ্ধান্ত কতটা সঠিক হয়েছে তা বিএনপি নেতারা একদিন জবাব দেবেন এবং ইতিহাসও সে কথা বলবে।

তিনি দাবি করেন, রাজনৈতিক মামলার কারণে খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়নি। তাকে গ্রেপ্তার করা হয়েছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে। তাই আইনের প্রক্রিয়ায় তার মুক্তি হবে না। সরকারের সদিচ্ছা অথবা সরকারকে বাধ্য করা ছাড়া তাকে মুক্ত করা যাবে না।

খন্দকার মাহবুব হোসেন বলেছেন, খালেদা জিয়াকে মুক্ত করার একমাত্র উপায় রাজপথ উত্তপ্ত করা। যত দিন পর্যন্ত রাজপথ উত্তপ্ত না হবে তত দিন খালেদা জিয়াকে জেল থেকে বের করা যাবে না।

দল ও জোটের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ঐক্যফ্রন্ট এবং বিএনপি নেতাদের প্রতি অনুরোধ, আপনারা একটি মাত্র ইস্যুতে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করুন, সেটা হলো খালেদা জিয়ার মুক্তি।

চা-চক্র সরকারের পরিহাস উল্লেখ করে তিনি বলেন, মানুষ অনেক আশা নিয়ে ঐক্যফ্রন্টের আহ্বানে ভোট দিতে গিয়েছিল। তবে তা (ভোট দেওয়া) থেকে তারা বঞ্চিত হয়েছে। আর আজকে সেই দলকেই আপনারা চা-চক্রে আমন্ত্রণ জানাচ্ছেন এর চেয়ে বড় পরিহাস আর হতে পারে না।

প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আতাউর রহমান ঢালী, নাগরিক আন্দোলন ফোরামের উপদেষ্টা সাঈদ আহমেদ আসলাম। নাগরিক প্রতিবাদ সভা সঞ্চালনা করেন নাগরিক অধিকার আন্দোলন ফোরামের সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত