ব্যাগে গরুর মাংস রাখার অভিযোগে তিন চীনা নাগরিকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। মহারাষ্ট্রের নাগপুরে এ ঘটনা ঘটে।
এনডিটিভি জানায়, গত ১৮ জানুয়ারি নাগপুরের কাপা এলাকার গুমগাও কয়লা খনিতে অভিযান চালায় পুলিশ। সেখানে একটি ঘরে ব্যাগের ভেতর থেকে ১০ কেজি গরুর মাংস উদ্ধার করেন তারা।
পুলিশ জানায়, এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে তিনজন চীনা নাগরিক- লিন চু চাং, লু ওয়েং চুং এবং লু ওং কোং। বাকি দুজন হচ্ছেন- আফরোজ শেখ ও দেবেন্দ্র নাগরালে।
জব্দকৃত মাংস পরীক্ষাগারে পাঠানো হলে সেখানে প্রমাণিত হয় সেগুলো গরুর মাংস।
গ্রেপ্তারকৃতদের আদালতে তোলা হলে তাদেরকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। তবে অসুস্থতার জন্য এক চীনা নাগরিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
