চালু হচ্ছে সর্বোচ্চ ১৪০ কিমি. গতির ট্রেন

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৫৭ এএম

বাংলাদেশে এ প্রথম চালু হচ্ছে সর্বোচ্চ ১৪০ কিমি. গতিতে চলা ট্রেন। যার লক্ষে সম্প্রতি ৫০টি কোচ আনা হবে ইন্দোনেশিয়া থেকে। এর মধ্যে ১০টি ব্রডগেজ লেনের কোচ দুই-এক দিনের মধ্যেই টঙ্গী থেকে সৈয়দপুর রেলওয়ে কারখানাতে এসে পৌঁছাবে বলে জানিয়েছে সৈয়দপুর রেলওয়ে কারখানার ওয়াচম্যান (ডাব্লিউ এম) জহিরুল ইসলাম।

জানতে চাইলে তিনি দেশ রূপান্তরকে জানান, ইতিমধ্যে দ্রুতগতির ১০ টি কোচ চট্টগ্রাম থেকে টঙ্গীতে এসেছে। এর এক একটি বগিতে ৯২ জন যাত্রীর আসন থাকবে বলে তিনি জানান। তবে কোন রুটে ঠিক কত দিনের মধ্যে এ দ্রুত গতির ট্রেন চালু হবে তার কোনো সঠিক তারিখ তিনি জানাতে পারেনি।     

রেলওয়ে সূত্রে জানা যায়, ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন রেল ক্যারেজ (কোচ) নির্মাণ প্রতিষ্ঠান পিটি ইন্ডাস্ট্রি কেরেতা এপি (ইনকা) ওই কোচগুলো তৈরি করেছে। ইন্দোনেশিয়ার ওই প্রতিষ্ঠান বাংলাদেশের জন্য এরই মধ্যে ২৫০টি কোচ নির্মাণ করেছে। যার ২০০টি মিটারগেজ (ছোট) ও ৫০টি ব্রডগেজ (বড়) লাইনের। ব্রডগেজ লাইনের ৫০টি কোচ আমদানিতে ব্যয় ধরা হয়েছে ২১৩ কোটি টাকা। আর প্রতিটি কোচের গড় দাম পড়েছে প্রায় পাঁচ কোটি টাকা।

রেলওয়ে ট্রাফিক বিভাগ জানায়, আধুনিক ও দ্রুতগতিসম্পন্ন ওই কোচের পুরো চালান দেশে এসে পৌঁছালে তা দিয়ে চালানো হবে বেশকটি ট্রেন। অত্যন্ত পুরোনো কোচ দিয়ে যেসব আন্তনগর ট্রেন চলছে, সেসবে প্রতিস্থাপন হবে ওই কোচগুলো। আগামী তিন মাসের মধ্যে কোচগুলো ব্যবহার হবে নতুনভাবে ট্রেন বহরে। তবে কোন রুটে গতিময় ট্রেনের সেবা দেওয়া হবে, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত