শাহজাদপুরে সাংবাদিক শিমুল হত্যার দ্বিতীয় বার্ষিকী পালিত

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১১:০০ পিএম

দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম শিমুল হত্যার দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গতকাল রবিবার স্থানীয় সাংবাদিকদের পক্ষ থেকে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ, শোকর‌্যালি, নিহত সাংবাদিক শিমুলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, স্মরণসভা, কবর জিয়ারত ও দোয়া মাহফিল।

শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফির সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) হাসিব সরকার, সাবেক অধ্যক্ষ এ এম আবদুল আজিজ, দৈনিক সমকালের অতিরিক্ত বার্তা সম্পাদক তপন দাস, শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুন্ডু, সমকালের পাবনা প্রতিনিধি এ বি এম ফজলুর রহমান প্রমুখ। এ ছাড়া এ কর্মসূচিতে অংশ নেন নিহত শিমুলের পরিবারের সদস্যসহ পাবনা, সিরাজগঞ্জ ও শাহজাদপুরের সাংবাদিকরা।

২০১৭ সালের ২ ফেব্রুয়ারি শহরের মনিরামপুরের দুই পক্ষের সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে শিমুল গুলিবিদ্ধ হন। ৩ ফেব্রুয়ারি উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত