বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় শতাধিক মিয়ানমার নাগরিক

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৩১ এএম

মিয়ানমারের চিন রাজ্যে সেনাবাহিনী ও বিচ্ছিন্নতাবাদীদের সংঘর্ষের কারণে আতঙ্কে বাংলাদেশে অনুপ্রবেশ করতে চাইছেন সে দেশের শতাধিক বাসিন্দা। ইতোমধ্যে তারা বান্দরবানের রুমা উপজেলার রেমাক্রী প্রাংসা ইউনিয়নের চাইংক্ষ্যং পাড়ার কাছে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে।

চাইংক্ষ্যং পাড়ার বাসিন্দা অংহ্লা মারমা জানান, মিয়ানমার থেকে পালিয়ে আসা লোকজন তাদের পাড়ার সীমান্তবর্তী ৭২নং পিলারের কাছে অবস্থান নিয়েছেন। সেখানে তারা অস্থায়ী ছাউনিতে অবস্থান করছেন। ওখানে প্রায় এক থেকে দেড়শ’ লোক হতে পারে। 

মিয়ানমার থেকে পালিয়ে আসা লোকজনের সীমান্তে অবস্থানের বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি’র বান্দরবান সেক্টরের কমান্ডার কর্নেল জহিরুল ইসলাম।

তিনি বলেন, ‘তারা যাতে কোনোভাবেই বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে সেজন্যে বিজিবি সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।’

রেমাক্রী প্রাংসা ইউনিয়নের চেয়ারম্যান জিরা বম জানান, সীমান্তের ওপারে মিয়ানমারের চিন রাজ্যের কিছু এলাকায় সে দেশের সেনাবাহিনীর সঙ্গে বিচ্ছিন্নতাবাদী আরাকাম আর্মির গোলাগুলি হয়েছে বলে শুনেছি। হয়তো সে কারণেই ওখানকার লোকজন পালিয়ে এদিকে আসার চেষ্টা করছে। তারা এখন মিয়ানমারের তাইদং এলাকায় অবস্থান করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত