‘নিউজিল্যান্ড সফর বিশ্বকাপের জন্য আদর্শ প্রস্তুতি’

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৪২ এএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হতেই নিউজিল্যান্ডে উড়াল দেবে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা। বিশ্বকাপের আগে এই সফরকে আদর্শ প্রস্তুতি বলে মনে করছেন বাংলাদেশ দলের অন্যতম সেরা তারকা মুশফিকুর রহিম।

বিপিএলে চিটাগং ভাইকিংসের নেতৃত্বে ছিলেন মুশফিক। তার দল শেষ চারে জায়গা করে নিলেও এলিমিনেটর ম্যাচে ঢাকার বিপক্ষে হেরে বাদ পড়ে। তবে পুরো আসরে দলের পারফরম্যান্সে খুশি মুশফিক।

সোমবার চিটাগং ভাইকিংসের ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুশফিককে কথা বলতে হয় নিউজিল্যান্ড সফর নিয়েও। এ সময় মুশফিক বলেন, ‘‘আমার মনে হয়, এটা বিশ্বকাপের আগে আমাদের জন্য খুব ভালো একটা প্রস্তুতি হবে। এখানে কিছু হাই স্কোরিং ম্যাচ হতে পারে। সে দিক থেকে আমি মনে করি এটা আমাদের জন্য চ্যালেঞ্জ হবে।’’

নিউজিল্যান্ডে বরাবরই বাংলাদেশকে কঠিন পরীক্ষা দিতে হয়েছে। তবে মুশফিক বিশ্বাস করেন সেখানে সিরিজ জয়েরও সামর্থ্য রাখে বাংলাদেশ। ৩১ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটসম্যান বলেন, ‘‘জেতার সম্ভাবনা তো অবশ্যই আছে। আমরা সবশেষ যখন সেখানে গিয়েছিলাম তখন কিন্তু দুইটা ওয়ানডেতে খুব কাছে গিয়ে হেরে গিয়েছিলাম।’’

‘‘নিউজিল্যান্ড সফরের চ্যালেঞ্জ অনেক কঠিন। ওয়ানডে সংস্করণে ভারত জিতেছে...। আমার বিশ্বাস, আমাদের যে দল যাবে নিউজিল্যান্ডে তারা ভালো করবে।’’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত