নাটোরের গুরুদাসপুর থেকে এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের আট সদস্যকে আটক করেছে র্যাব-৫। সোমবার রাতে উপজেলার মশিন্দা গ্রাম থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত মোবাইল ফোন থেকে চলতি পরীক্ষার ইংরেজি প্রথমপত্রের কিছু প্রশ্নের ছবি উদ্ধার করা হয়।
আটকদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- উপজেলার মশিন্দা মাঝপাড়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে ও পাবনা এডওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষের ছাত্র শিহাব উদ্দিন (২২) এবং মশিন্দা চরপাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে ও গুরুদাসপুরের শহীদ শামসুজোহা সরকারি কলেজের মানবিক বিভাগের এইচএসসি ১ম বর্ষের ছাত্র তাহের উদ্দিন (১৭)।
র্যাব ৫ সিপিসি ২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার যায়েদ শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাশিন্দা গ্রামের চরপাড়া এলাকার তাহের উদ্দিনের বাড়িতে অভিযান চালায় র্যাবের একটি দল। এ সময় তাহের উদ্দিন তার ঘরে বসে বিভিন্ন শিক্ষার্থীদের সঙ্গে মোবাইল ফোনে প্রশ্ন বিক্রির জন্য যোগাযোগ করছিল।
তার মোবাইল ফোনে তল্লাশি করে বেশকিছু প্রশ্নপত্র পাওয়া যায় এবং তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই এলাকার শিহাব উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে সেখান থেকে শিহাব উদ্দিনকেও আটক করা হয়।
আটককৃতদের কাছে পাওয়া মোবাইল ফোন থেকে বিভিন্ন পরীক্ষার বেশ কিছু প্রশ্নপত্রের ছবি উদ্ধার করা হয়েছে। আটককৃত দুজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের এবং অন্য ছয়জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়।
