যুক্তরাষ্ট্রের তালিকাভুক্ত সন্ত্রাসী গোষ্ঠীর হাতে তাদেরই অস্ত্র!

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:৪৪ পিএম

ইয়েমেনে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকাভুক্ত গোষ্ঠী ব্যবহার করছে মার্কিন অস্ত্র। আর এসব অস্ত্র তাদের হাতে তুলে দিয়েছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত জোট।

সিএনএন এক অনুসন্ধানী প্রতিবেদনে জানায়, ইয়েমেনের আবু আল-আব্বাস ব্রিগেড নামে এ সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে আল-কায়েদার যোগসাজশ রয়েছে।

দেশটিতে শিয়া বিদ্রোহী হুথিদের বিরুদ্ধে সরকারের হয়ে লড়ছে সৌদি-আমিরাত জোট। এ জোটকে অস্ত্র ও জ্বালানি সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র।

আলজাজিরার এক প্রতিবেদনের সূত্র ধরে সিএনএন এ অনুসন্ধানীতে জানায়, সৌদি-আমিরাত জোট থেকে মার্কিন অস্ত্র পাওয়া সালাফি মতবাদের এ সন্ত্রাসী গোষ্ঠীটির কমান্ডার এক সময় ইয়েমেনের আইএসআইএল গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন।

সন্ত্রাসী গোষ্ঠীর ব্যবহার করা এসব মার্কিন অস্ত্র এমনকি হুথি গোষ্ঠীর কাছেও চলে যাচ্ছে।

অস্ত্রের মুখে ২০১৪ সালে ইয়েমেনের হাদি সরকারকে ক্ষমতাচ্যুত করে হুথিরা। তারা রাজধানী সানা দখলে নেয়। গৃহযুদ্ধ ছড়িয়ে পড়লে পরের বছরই মার্কিন সহায়তায় সৌদি নেতৃত্বাধীন জোট হাজি সরকারের পাশে দাঁড়ায়।

আবু আল-আব্বাস নামে সাবেক আইএসআইএল কমান্ডারের নামে গঠিত এ গোষ্ঠীকে যুক্তরাষ্ট্র ২০১৭ সালে সন্ত্রাসী তালিকাভুক্ত করে। আল-কায়েদা এবং আইএসআইএলে অর্থ সহযোগিতা দেওয়ার অভিযোগ ওঠে আল-আব্বাস ব্রিগেডের বিরুদ্ধে।

ডিসেম্বরে ওয়াশিংটন পোস্টের সঙ্গে আবু আল-আব্বাস এক সাক্ষাৎকারে বলেন, সৌদি নেতৃত্বাধীন জোট এখনো আমাদের সমর্থন দিয়ে যাচ্ছে। আমি যদি সন্ত্রাসী হতাম তাহলে আমার বিরুদ্ধে তারা প্রশ্ন তুলতো।

সিএনএনের মতে, এ সন্ত্রাসী গোষ্ঠীটি এখনো সৌদি জোটের সমর্থন পাচ্ছে। জোট সমর্থনে ইয়েমেন সেনাবাহিনীর ৩৫তম ব্রিগেড হিসেবে তাদেরকে যুক্ত করা হয়েছে।

এদিকে পেন্টাগনের মুখপাত্র জনি মিখায়েল বলেন, সৌদি আরব বা আরব আমিরাতকে ইয়েমেনের কোনো গোষ্ঠীর কাছে অস্ত্র সরবরাহের অনুমোদন দেয়নি যুক্তরাষ্ট্র।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত