কুড়িগ্রাম পৌরসভার উত্তর কামারপাড়া এলাকায় বুধবার সকালে হাবিবুর রহমান (২০) নামে এক কলেজ শিক্ষার্থীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজার রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বুধবার ভোর রাতে তাকে হত্যা করে মাঠে ফেলে রাখা হয়েছে। তার পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তার পকেট থেকে উদ্ধার করা দু’টি মোবাইল সেটের কললিস্ট ধরে তাকে শনাক্ত করা হয়।
নিহত হাবিবুর চিলমারী উপজেলার ঢুষমারা থানার গোয়ালের চর গ্রামের আবুল হোসেনের পুত্র। সে কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র। উত্তর কামারপাড়া এলাকার জনৈক সুরুজ্জামানের বাড়িতে ভাড়া থাকত। এর বাইরে সে কুড়িগ্রাম জজ কোর্টে মুহুরি হিসেবে কাজ করত।
হাবিবুরের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়না মর্গে পাঠানো হয়েছে । এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
