জাতীয় বধির সংস্থার একটি স্কুলের জমি দখলের অভিযোগ উঠেছে সরকার দলীয় সংসদ সদস্য হাজী সেলিমের বিরুদ্ধে। রাজধানীর লালবাগে অবস্থিত ঢাকা সরকারি বধির হাইস্কুলের এক একর জমি দখল করেছেন তিনি।
বাংলাদেশ জাতীয় বধির সংস্থার সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার এ অভিযোগ করেছেন।
মানবিক দিক বিবেচনা করে প্রতিবন্ধী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণসহ সার্বিক পুনর্বাসনের স্বার্থে জমি স্কুল কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়ার দাবি জানান অ্যাডভোকেট তৈমুর আলম।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘বাংলা ইশারা ভাষা দিবস’ উদযাপন উপলক্ষে আয়োজিত র্যালির আগে সমাবেশে তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, ‘বাংলাদেশ জাতীয় বধির সংস্থার প্রধান প্রকল্পের অনুকূলে সরকার ওই জমি স্কুলকে দীর্ঘমেয়াদি বন্দোবস্ত করে অনুমোদন দেয়। কিন্তু দুঃখের বিষয় হাজী সেলিম ওই জায়গা জবরদখল করেছেন।’
সমাবেশে অন্য বক্তারা বলেন, দেশের জনগণের সুচিকিৎসা প্রদানের স্বার্থে সরকার বিশেষায়িত পৃথক হাসপাতাল প্রতিষ্ঠা করলেও বাক ও শ্রবণ প্রতিবন্ধী জনগোষ্ঠীর চিকিৎসায় পৃথক কোনো হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়নি। এ কারণে তারা সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন।
তারা বলেন, বাংলাদেশ জাতীয় বধির সংস্থা দেশে প্রথম শ্রবণ ও বাকপ্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য ১৯৯২ সালে বাংলা ইশারা ভাষা অভিধান প্রণয়ন ও প্রকাশ করে।
র্যালি ও সমাবেশে বাংলাদেশ জাতীয় বধির সংস্থার সাধারণ সম্পাদক মো. ফজলে এলাহী খানসহ সংস্থার সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
