আমার বইয়ের লেখাগুলো আপনাদের কাঁদাবে: হিরো আলম

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৪৭ পিএম

এবার প্রকাশিত হতে যাচ্ছে আশরাফুল আলম ওরফে হিরো আলমের জীবনী বিষয়ক গ্রন্থ 'দৃষ্টিভঙ্গি বদলান আমরা সমাজকে বদলে দেবো।' হিরো আলমের লেখা বইটি সম্পাদনা করেছেন সৌরভ আলম সাবিদ। এটি বাজারে এনেছে তরফদার প্রকাশনী। অমর একুশে গ্রন্থমেলার ১৯৬ নম্বর স্টলে পাওয়া যাবে বইটি। আগামী ১১ তারিখ থেকে বইটি পাওয়া যাবে বলে দেশ রূপান্তরকে নিশ্চিত করেন হিরো আলম। তিনি নিজেই স্টলে বসে ভক্তদের অটোগ্রাফ দেবেন বলেও জানান।

দেশ রূপান্তরকে হিরো আলম বলেন, ‘এই বইয়ে আমার নিজের জীবনের গল্পই বলেছি। জিরো থেকে হিরো হয়ে ওঠার গল্পই মানুষ পাবে এই বইটিতে। আমাকে নিয়ে মানুষের কিছু নেতিবাচক ধারণা আছে, এ বইটি পড়লে মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে।’

বই লেখার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘অনেকেই সংগ্রাম করে বড় হয়েছি। এখনো লড়াই করে যাচ্ছি। মানুষের দ্বারা সবই সম্ভব। আমার লড়াইয়ের গল্পই এখানে তুলে ধরেছি।’

প্রতি বছর একটি করে বই উপহার দেওয়ার কথাও জানান আলম। তিনি বলে, ‘প্রতি বছরই একটি করে বই নিয়ে হাজির হতে চাই বইমেলায়। আমি সবাইকে অনুরোধ করব যাতে বইটি পড়েন। কারণ আমাকে নিয়ে সবাই হাসি ঠাট্টা করে, ট্রল করে কিন্তু মানুষ হিরো আলমকে কয়জন জানে? আমার কষ্টের গল্পগুলোই এই বইতে বলার চেষ্টা করেছি। আমার কষ্টগুলো যদি জানেন, যদি পড়েন তাহলে আমার বইয়ের লেখাগুলো আপনাদেরকে কাঁদাবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত