ময়মনসিংহের ভালুকায় বন্দুকযুদ্ধে নিহত এক ‘ডাকাত সদস্যের’ বাড়িতে হানা দিয়েছে ডাকাতরা। গত বুধবার রাতে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বগাজান বাজার গ্রামের ‘মুরাদ ডাকাতের’ বাড়িতে এ ঘটনা ঘটে। এদিন একদল ডাকাত দরজা ভেঙে ভেতরে ঢুকে বাড়িটি থেকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে। মুরাদের স্ত্রী সুইটি আক্তার দেশ রূপান্তরকে বলেন, ‘রাত দেড়টার দিকে সাত-আটজনের একটি ডাকাতদল ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। তারা আমার শিশুপুত্র সাজিদকে (১০) গামছা দিয়ে বেঁধে তার গলায় ছুরি ধরে রেখে বাড়ির সবাইকে জিম্মি করে ফেলে। পরে ডাকাতরা নগদ টাকা, কয়েকটি স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ বেশ কিছু মালামাল নিয়ে পালিয়ে যায়।’ জানতে চাইলে ভালুকা মডেল থানার এসআই মতিউর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এটা ডাকাতির ঘটনা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’
×
