ফুটবলে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখবেন প্রতিমন্ত্রী

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ০১:২২ এএম

বাফুফের সভাপতিসহ তিন কর্মকর্তাকে দুর্নীতি দমন কমিশনের নোটিস নিয়ে তোলপাড় ক্রীড়াঙ্গন। সম্প্রতি দুদক দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগের পরিপ্রেক্ষিতে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন, কার্যনির্বাহী কমিটির সদস্য মাহফুজা আক্তার কিরণ এবং প্রথম হিসাব কর্মকর্তা মোহাম্মদ আবু হোসেনকে চিঠি দিয়েছে। গতকাল ব্যক্তিগত এবং বাফুফের আয়-ব্যয়ের বিভিন্ন হিসাব চেয়ে সময়ও বেঁধে দেওয়া হয়েছে, যা শেষ হয়েছে গতকাল। এ নিয়ে গতকাল প্রশ্ন ছুটে গেছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের কাছে। নতুন দায়িত্বপ্রাপ্ত এই প্রতিমন্ত্রীও বলেছেন, ফুটবলে ওঠা এই দুর্নীতি ও অনিয়মের অভিযোগ খতিয়ে দেখবেন। গতকাল সম্মিলিত ক্রীড়া পরিবারের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে মন্ত্রী বলেন, ‘আমরা অবশ্যই এটা খতিয়ে দেখব যেহেতু দুদক তাদের চিঠি দিয়েছে। যদি তারা দোষী হয়ে থাকে তবে অবশ্যই তাদের শাস্তি পেতে হবে। আর যদি তারা নির্দোষ থাকে তাহলে তো কারও কিছু বলার নেই।’ ক্রীড়াঙ্গনে এরকম দুর্নীতির অভিযোগ নজিরবিহীন আখ্যা দিয়ে মন্ত্রী বলেন, ‘কোনো ফেডারেশনকে দুদক চিঠি দেয় এটা হয়তো প্রতিমন্ত্রীর হওয়ার আগেও কখনো দেখিনি। যেহেতু দুদক চিঠি দিয়েছে তাই আমরা বিষয়টি খতিয়ে দেখব। আমি এরই মধ্যে নির্দেশ দিয়েছি। আমরা অবশ্যই যথাযথ পদক্ষেপ গ্রহণ করব।’ ক্রীড়াঙ্গনের দুস্থ ও অসহায় ক্রীড়াব্যক্তিত্বদের জন্য ক্রীড়াভাতা চালুর কথাও বলেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত