মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়া ডেমোক্রেটিক ফোর্স (এসডিএফ) সিরিয়ার আইএসের বাকি ঘাঁটিগুলোতে ‘শেষ ধাক্কা’ দেওয়া শুরু করেছে।
এসডিএফ’র মুখপাত্র মুস্তফা বালি টুইটারে বলেছেন, ‘বাঘৌজ গ্রামে আইএসের বাকি আস্তানাগুলোতে শেষ ধাক্কা দেওয়া শুরু করেছি আমরা। আশা করছি খুব দ্রুত অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ নিতে পারব।’
আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, আইএসের নিয়ন্ত্রণে থাকা দেইর ইজ জোরের পূর্ব প্রদেশ থেকে ইতিমধ্যে ২০ হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে।
সিরিয়ার উত্তরাঞ্চলে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে মার্কিন বাহিনী কুর্দি নেতৃত্বাধীন সিরিয়া ডেমোক্রেটিক ফোর্সের (এসডিএফ) সঙ্গে কাজ করছে। এসডিএফে মূল লড়াকু বাহিনী হচ্ছে পিপলস প্রোটেকশন ইউনিটস (ওয়াইপিজি) মিলিশিয়া।
এক সপ্তাহর বেশি সময় ধরে এই বাহিনী অভিযান বন্ধ রাখে। সাধারণ মানুষকে নিরাপদে সরে যেতে দিতে এই কৌশল নেয় তারা। শনিবার থেকে আবার অভিযান শুরু হয়।
জঙ্গি সংগঠন আল-কায়েদার পাশাপাশি ইসলামিক স্টেট (আইএস) বর্তমান বিশ্বের সবচেয়ে দুর্ধর্ষ জঙ্গি সংগঠন। শুরুতে এর নাম ছিল ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড লেভান্ট (আইএসআইএল)। এর প্রতিষ্ঠা হয় ২০১৩ সালের এপ্রিলে। পরে নাম পরিবর্তন করে আইএস রাখা হয়। যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের কারণে গত কয়েক বছরে এদের কার্যক্রম অনেকটা দুর্বল হয়ে পড়েছে।
