জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ আসনের পুনর্নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ডা. সৈয়দা জাকিয়া নূর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। রোববার সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সারওয়ার মুর্শেদ চৌধুরী তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।
আওয়ামী লীগের প্রয়াত নেতা সৈয়দ আশরাফুল ইসলামের বোন ডা. সৈয়দা জাকিয়া নূর।
কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সারওয়ার মুর্শেদ চৌধুরী দেশ রূপান্তরকে জানান অন্য দুই প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় তাকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
এর আগে নির্বাচনে প্রার্থিতা যাচাই-বাছাইয়ে আশরাফের বোন ছাড়া বাকি দুজনের মনোনয়নপত্রই বাতিল হয়ে যায়। গণতন্ত্রী পার্টি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. মোস্তাইন বিল্লাহর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করার পর আপিলে তারা প্রার্থিতা ফিরে পেলেও পরে প্রার্থিতা প্রত্যাহার করেন।
এ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ৩১ জানুয়ারি, ৩ ফেব্রুয়ারি বাছাই আর ১০ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়।
সৈয়দ আশরাফ গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে এই আসন থেকে বিপুল ভোটে জয়লাভ করেন। সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার আগেই চিকিৎসাধীন অবস্থায় গত ৩ জানুয়ারি রাত ১০টার দিকে মারা যান তিনি।
