চট্টগ্রামে রুমা আক্তার (২২) নামে এক ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে নিউমার্কেট মোড় থেকে প্রতারণার অভিযোগে ওই নারীকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন দেশ রূপান্তরকে বলেন, ‘নালাপাড়ার বাসিন্দা আবিদা বেগমকে চট্টগ্রাম মেডিকেলে নার্স হিসেবে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে টাকা আদায় করেন রুমা আক্তার। এরপর তিনি গা ঢাকা দিলে আবিদা তার পরিবারকে জানান।’
তিনি আরও বলেন, আবিদা বেগমের কাছ থেকে আমরা অভিযোগ পেয়ে কৌশলে প্রতারক ওই নারীকে নিউমার্কেট এলাকায় নিয়ে এসে হাতেনাতে গ্রেপ্তার করি।
নিজেকে চিকিৎসক বোঝাতে তিনি গলায় স্টেথোস্কোপ ও অ্যাপ্রোন পরে চলাফেলা করেন। যাতে কেউ তাকে সন্দেহ না করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুমা পুলিশের কাছে স্বীকার করেন যে ১০ জন নারীকে চাকরি দেওয়ার নাম করে একইভাবে টাকা আদায় করেছেন তিনি।
এ ঘটনায় আবিদা বেগমের ভাগ্নে ফয়সাল বিন মান্নান বাদী হয়ে প্রতারণা মামলা করেছেন।
গ্রেপ্তার রুমা আক্তার বর্তমানে চট্টগ্রামে কর্ণফুলী উপজেলায় থাকেন। তিনি ভোলার লালমোহন থানার মো. রফিকের মেয়ে বলে জানায় পুলিশ।
