মামলায় শিশুর পরিচয় প্রকাশে গণমাধ্যমকে সতর্ক থাকার নির্দেশ

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:৩৫ পিএম

শিশু আইনে বিচারাধীন মামলায় যে সব শিশুর বিরুদ্ধে অভিযোগ আনা হয় তাদের নাম, পরিচয় প্রকাশ না করতে এবং এ বিষয়ে ভবিষ্যতে সতর্ক থাকতে গণমাধ্যমগুলোকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

এ সম্পর্কিত এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে জারি করা রুলের শুনানি শেষে মঙ্গলবার এই নির্দেশনা দেন বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ।

সংশ্লিষ্ট আইনজীবীরা জানান গত ৫ নভেম্বর ইংরেজি দৈনিক ডেইলি স্টারে প্রকাশিত একটি প্রতিবেদনে মামলায় সম্পৃক্ত শিশুর পরিচয় প্রকাশ করা হয়। বিষয়টি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সাইয়্যেদুল হক সুমন। শুনানি নিয়ে ১৯ নভেম্বর রুল জারি করেন হাইকোর্ট। রুলের শুনানি নিয়ে আজ এ নির্দেশনা দেন আদালত।

বিষয়টি তদারকি করতে তথ্য সচিব, আইন সচিব ও এল আর এফকে নির্দেশ দেওয়া হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী সাগুফতা তাবাসসুম আহমেদ।

রিটকারী আইনজীবী সাইয়্যেদুল হক সুমন বলেন, গণমাধ্যমে যাতে মামলা সংশ্লিষ্ট কোন শিশুর পরিচয় প্রকাশ না করা হয় সে বিষয়ে গণমাধ্যমকে সতর্ক করেছেন হাইকোর্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত