চট্টগ্রামের বায়েজিদ থানাধীন ষোলোশহর-অক্সিজেন সড়কে ড্রাইভার কলোনি এলাকা থেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) দুই কর্মীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার পলাশ কুসুম চাকমা (৩০) ও ইন্দ্ররাজ চাকমা (২৭) দুজনেই রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাসিন্দা।
এ বিষয়ে বায়েজিদ থানার পরিদর্শক (তদন্ত) প্রিটন সরকার দেশ রূপান্তরকে বলেন, ‘অক্সিজেন থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা ষোলোশহর আসার পথে ড্রাইভার কলোনি এলাকায় পুলিশ থামার সংকেত দিলে ওই অটোরিকশা থেকে গ্রেপ্তার দুজন পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাদের তল্লাশি করে দুজনের কোমর থেকে দুইটি দেশি এলএমজিসহ দুইটি গুলি উদ্ধার করে।’
পুলিশের এই কর্মকর্তা আরো জানান যে, তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেএসএস-এমএন লারমা পন্থী কর্মী বলে জানিয়েছে।
