চট্টগ্রাম নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারের নিচে দোকান নির্মাণে ৬ মাসের স্থগিতাদেশ ও রুল দিয়েছে হাইকোর্ট। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। আগামী ৪ সপ্তাহের মধ্যে চট্টগ্রাম উন্নয়ন কর্র্তৃপক্ষকে (সিডিএ) বক্তব্য উপস্থাপনের নির্দেশ দিয়েছে আদালত।
জাস্টিস ওয়াচ ফর ফাউন্ডেশনের পক্ষে রিট আবেদনটি করেন মো. মাহফুজুর রহমান মিলন। তিনি বলেন, ‘ফ্লাইওভারটি যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নির্মাণ করা হয়েছে। কিন্তু পরবর্তী সময়ে সেই ফ্লাইওভারের নিচে সিডিএর দোকান নির্মাণ সম্পূর্ণ অযৌক্তিক। ফ্লাইওভারের নিচে দোকান হলে সেখানে দুর্ঘটনার পাশাপাশি যানজট সৃষ্টি হবে। চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কর্র্তৃপক্ষও এসব দোকান নির্মাণের বিরোধী। বিশেষ ব্যক্তির সুবিধার জন্য সিডিএ এই উদ্যোগ নিয়েছে।’ দোকান নির্মাণ বন্ধের দাবি জানিয়ে গত ৪ ফেব্রুয়ারি জাস্টিস ওয়াচ ফাউন্ডেশনের পক্ষ থেকে লিগ্যাল নোটিসও পাঠানো হয়েছিল বলে জানান এই আইনজীবী।
সিডিএ জানায়, সাড়ে ৪ কিলোমিটার দীর্ঘ আখতারুজ্জামান ফ্লাইওভারে যান চলাচলের সুবিধার্থে নির্মিত র্যাম্পের নিচে (নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে) ৮টি, এর বিপরীত পাশে (সানমার ওশান সিটির পাশে) ৬টিসহ মোট ১৪টি দোকান এবং ফ্লাইওভারের নিচে লালখানবাজার, মুরাদপুর ও বেবি সুপার মার্কেটের সামনে ৩টি সুপারশপ নির্মাণ করা হবে।
