চিত্রনাট্য চুরি করে সিনেমা তৈরির উঠেছে কলকাতার তিন নামী পরিচালকের বিরুদ্ধে। এক লেখিকা তাদের বিরুদ্ধে নেতাজিনগর থানায় প্রতারণা ও ষড়যন্ত্রের অভিযোগ দায়ের করেন।
কলকাতার সংবাদমাধ্যম জানায়, ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশের দাবি, অভিযোগ যাচাই করে দেখা হচ্ছে। অভিযুক্ত তিন নির্মাতাকে ডেকে জেরাও করতে পারে।
ওই নারীর দাবি, তিনি সিনেমার চিত্রনাট্য লেখেন। ২০১৫ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনটি চিত্রনাট্য লেখেন। সেগুলো স্থানীয় বাংলা সিনেমার তিন নামী পরিচালককে দেন। কিন্তু তাকে কিছু না জানিয়ে ওই তিন পরিচালক ছবি তৈরি করেন।
তার লেখা গল্পগুলোই সামান্য পাল্টে সিনেমা তৈরি করা হয়েছে বলেও দাবি। তিনি যে নাম দিয়েছিলেন, তাও পাল্টে দেওয়া হয়েছে।
আরও অভিযোগ করেন, কোনো পরিচালকই পারিশ্রমিক বাবদ টাকা দেননি। যা প্রতারণার শামিল। এই অভিযোগ অনুযায়ী তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তবে কোন তিনজন পরিচালকের বিরুদ্ধে চিত্রনাট্য চুরির অভিযোগ তুলেছেন লেখিকা, সে বিষয়ে কোনো ইঙ্গিত দেয়নি পুলিশ।
এর আগেও বেশ কয়েকবার টলিউডের নামী পরিচালকের বিরুদ্ধে চিত্রনাট্য চুরি করে সিনেমা বানানোর অভিযোগ উঠেছে। ছবি তৈরির পর তারা কেউই চিত্রনাট্যকারকে উপযুক্ত পারিশ্রমিক দেননি, এমনকি ঋণ স্বীকারও করেননি। এই সব ঘটনায় কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে খ্যাতনামা পরিচালকদের।
নতুন এ অভিযোগও যথেষ্ট গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে পুলিশ জানায়।
