জন্মশতবার্ষিকী আজ

ভূমিগ্রাসীদের দখলে পন্ডিত বারীণ মজুমদারের পৈতৃক বাড়ি

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১১:১২ পিএম

ধ্রুপদী সংগীতের প্রখ্যাত পন্ডিত বারীণ মজুমদারের জন্মশতবার্ষিকী আজ। একুশে পদক, স্বাধীনতা পদকসহ নানা সম্মাননায় ভূষিত এই সুরসাধকের জন্ম ১৯১৯ সালে, পাবনার রাধানগরে। সংগীত শিক্ষার প্রাতিষ্ঠানিকীকরণে আজীবন সংগ্রামী এই শিল্পীর জন্মভিটা এখন ভূমিগ্রাসীদের অবৈধ দখলে। অযত্নে অবহেলায় ধ্বংস হচ্ছে তার সব স্মৃতিচিহ্ন। স্মৃতি ধরে রাখতে সংগ্রহশালা ও সংগীত একাডেমি প্রতিষ্ঠার দাবি স্থানীয়দের।

পাবনা পৌর এলাকায় রাধানগর মজুমদারপাড়ায় প্রখ্যাত জমিদার বংশ মজুমদার পরিবারে ১৯১৯ সালের ১৫ ফেব্রুয়ারি জন্ম নেন উপমহাদেশের প্রখ্যাত শিল্পী ওস্তাদ বারীণ মজুমদার। জমিদার বাবা নীশেন্দ্রনাথ মজুমদার শাস্ত্রীয় সংগীতের ভক্ত ছিলেন, দেশ-বিদেশের প্রখ্যাত শিল্পীদের নিয়ে বাড়িতে নিয়মিত বসত আসর। সেখান থেকেই সংগীতের প্রতি আসক্তি বারীণের। চর্চায় বাদ সাধেনি পরিবারও। ১৯৩৯ সালে লক্ষেèৗর মরিস কলেজ থেকে সংগীতে উচ্চশিক্ষা সম্পন্ন করেন এই শিল্পী। দেশভাগের সময় ১৯৪৭-এ ফিরে আসেন বাংলাদেশে। জমিদারির বিষয় সম্পত্তি ফেলে মনপ্রাণ সঁপে দেন শাস্ত্রীয় সংগীতের প্রসারে। তার প্রচেষ্টাতেই ১৯৬৩ সালে ঢাকার কাকরাইলে প্রতিষ্ঠিত হয় দেশের প্রথম সংগীত মহাবিদ্যালয়। তালিম দিয়েছেন বুলবুল ললিতকলা একাডেমিতেও। সংগীত সাধনায় তার খ্যাতি ক্রমেই ছড়িয়ে পড়ে পুরো উপমহাদেশে। অবদানের স্বীকৃতিতে পাকিস্তান আমলেই পেয়েছেন তমঘায়ে ইমতিয়াজ খেতাব, ১৯৮৩ সালে একুশে পদক, ২০০২ সালে মরণোত্তর স্বাধীনতা পদকসহ অসংখ্য পুরস্কার। পাবনার খ্যাতিমান সংগীতশিল্পী প্রলয় চাকী জানান, মজুমদার পরিবারের দান করা জমিতেই গড়ে উঠেছে পাবনা এডওয়ার্ড কলেজ, রাধানগর মজুমদার একাডেমিসহ আরও নানা স্থাপনা। বারীণ মজুমদারের বড় ছেলে সংগীত পরিচালক পার্থ সারথি মজুমদার বলেন, পাবনায় আমাদের পূর্বপুরুষের বাড়ি এবং ১ হাজার ২৩৭ সহস্রাংশ জমি ভূমিগ্রাসীরা জাল কাগজ তৈরি করে দখল করে নেয়। যাদের বাবা আশ্রয় দিয়েছেন, তারাই বাবার সঙ্গে প্রতারণা করেছেন।

বারীণ মজুমদারের ছোট ছেলে জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার বলেন, আমাদের পূর্বপুরুষের মাটিতে আমাদের দাঁড়ানোর জায়গা নেই। পাবনার জেলা প্রশাসক জসিমউদ্দিন বলেন, আদালতের নির্দেশনা পেলে বারীণ মজুমদারের সম্পত্তি উত্তরসূরিদের ফিরিয়ে দিতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত