রাজধানীতে পৃথক স্থানে রেলে কাটা পড়ে এবং সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার এসব দুর্ঘটনা ঘটে। কমলাপুর রেলওয়ে থানার ওসি ইয়াসিন ফারুক মজুমদার দেশ রূপান্তরকে বলেন, গতকাল সকাল ৮টার দিকে রাজধানীর শ্যাওড়া এলাকায় রেলের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধ (৭০) এবং সকাল ১০টার দিকে ক্যান্টনমেন্ট এলাকায় রেলে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত হয়েছেন। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।এদিকে হাতিরঝিল থানার এসআই মিজানুর রহমান বলেন, গতকাল ভোর ৫টার দিকে রাজধানীর মালিবাগের আবুল হোটেলের সামনে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে অজ্ঞাত এক পথচারী নিহত ও তিনজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি বলেন, মাছ বহনকারী একটি ট্রাক ও মুরগি বহনকারী পিকআপ ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান অজ্ঞাত এক যুবক (১৯)। এতে পিকআপচালক ও তার সহকারীসহ তিনজন আহত হন। এদিন সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কালু মিয়া (৪৫) নামে এক দিনমজুর মারা যান। গত বুধবার রাত ১০টার দিকে তিনি মিরপুর-১ এলাকায় যাত্রাবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত হন।
×
