আতলেতিকো মাদ্রিদের বিরুদ্ধে গোল উদযাপনের সময় রিয়াল মাদ্রিদ উইঙ্গার গ্যারেথ বেল ‘আপত্তিকর অঙ্গভঙ্গি’ করেছেন বলে অভিযোগ ওঠেছে। অভিযোগ প্রমাণিত হলে বড় ধরনের নিষেধাজ্ঞায় পড়তে পারেন ওয়েলসের এই তারকা ফুটবলার।
গত শনিবার মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর মাঠে রিয়ালের ৩-১ গোলের জয়ের ম্যাচে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে একটি গোল করেন বেল। ক্লাবটির হয়ে এটা ছিল তার শততম গোল; চলতি মৌসুমে ১২তম।
৫৭তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামার পর আতলেতিকো সমর্থকদের দুয়ো ধ্বনি শুনতে হয়েছিল বেলকে। যে কারণে মোটামুটি ক্ষেপেই ছিলেন বেল। ম্যাচের ৭৩ মিনিটে আতলেতিকোর কফিনে শেষ পেরেকটি ঠুকেই সেই ক্ষোভ ঝাড়েন আক্রমণভাগের এই খেলোয়াড়। দুয়ো দেয়া সমর্থকদের উদ্দেশে হাত তুলে করেন ‘আপত্তিকর অঙ্গভঙ্গি’।
এই অঙ্গভঙ্গি ইচ্ছাকৃতভাবে করে থাকলে বড় নিষেধাজ্ঞায় পড়তে হবে বেলকে। চার থেকে ১২ ম্যাচে খেলতে পারবেন না ২৯ বছর বয়সী এই ফুটবলার। বেলকে শাস্তি দেওয়ার বিষয়টি নির্ভর করছে স্পেনের ফুটবল ফেডারেশনের প্রতিযোগিতা কমিটির সিদ্ধান্তের উপর।
যদিও বেলের বিষয়টা ওই দিনের ম্যাচ রেফারির রিপোর্টে উঠে আসেনি। তবে, লা লিগা কর্তৃপক্ষ ভিডিও ফুটেজের ভিত্তিতে এ নিয়ে প্রতিবেদন তৈরি করেছে। সেটা পাঠিয়ে দেওয়া হয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কমিটির কাছে।
