ভেঙে যাওয়া সেতু আড়াই বছরেও পুনর্নির্মাণ হয়নি

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১০:২৭ পিএম

নওগাঁর রানীনগর উপজেলার মিরাট ইউনিয়নের শ্রীমতখালী খালের ওপর নির্মিত সেতুটি নির্মাণের কিছুদিনের মাথায় ভেঙে যাওয়ার পর আড়াই বছর অতিবাহিত হয়েছে। তবে সেতুটি এখনো পুনর্নির্মাণ করা হয়নি। এখন ওই এলাকার মানুষ সেতুটির পাশে বাঁশের সাঁকো তৈরি করে এটি দিয়েই পারাপার হচ্ছে প্রতিদিন। এতে চরম দুর্ভোগে রয়েছে ওই এলাকার প্রায় ১৬টি গ্রামের মানুষ। অন্যদিকে ওই স্থানে গড়ে ওঠা বাঁশের সাঁকো দিয়ে পারাপার হতে প্রতিদিন ইজারাদারকে টাকা দিতে হচ্ছে। এতে অর্থনৈতিক ক্ষতি ও মালামাল পরিবহনে হেনস্থার শিকার হচ্ছেন তারা। জানা গেছে, বান্দায়ঘাড়া থেকে মিরাট ইউনিয়নের শ্রীমতখালী খালের ওপর দিয়ে চলাচলের রাস্তাটি নওগাঁ জেলা সদরের সঙ্গে যুক্ত। সেখানে বাঁশের সাঁকো দিয়ে প্রায় ১৬টি গ্রামের মানুষ চরম দুর্ভোগে চলাচল করত।

পরে এলজিইডি ২০১২-১৩ অর্থবছরে সেখানে একটি সেতু নির্মাণ করে। কিন্তু কাজ শেষে নির্ধারিত সময় পর শাটারিং খুলে দিলে সেতুর মাঝের পিলার দেবে এটি ভেঙে পড়ে। এরপর সেখানে নতুন করে গত ২০১৭-১৮ অর্থবছরে প্রায় ১ কোটি ৭৯ লাখ ২৯ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মাণের জন্য টেন্ডার দেওয়া হয়। গত আট মাস আগে সেতুটির পুনর্নির্মাণ শুরু হলেও শুধু খালের দুই পারে দৃশ্যমান দুটি মুখ নির্মাণ করে কাজ বন্ধ হয়ে যায়। ওই এলাকার ভ্যানচালক আবদুস ছাত্তার জানান, প্রতিদিন সাঁকো দিয়ে পারাপার হতে ৮-১০ টাকা করে ইজারাদারকে দিতে হচ্ছে।

রানীনগর উপজেলা এলজিইডির প্রকৌশলী শাইদুর রহমান মিঞা বলেন, মাঝে কিছু সময় সেতুটির নির্মাণকাজ বন্ধ থাকলেও আবার শুরু হয়েছে। আশা করছি আগামী জুনের মধ্যে নির্মাণ হয়ে যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত