মাদুরোর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতের গোপন বৈঠক

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৪৭ পিএম

ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জর্জ আরিয়েজার সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এলিয়ট আব্রামের অন্তত দুবার গোপনে বৈঠক হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও মাদুরো প্রশাসনের অনেক শীর্ষস্থানীয় কর্মকর্তার সঙ্গেই যুক্তরাষ্ট্রের নিয়মিত যোগাযোগ রয়েছে বলেও জানা যায়। তবে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকগুলো নিউ ইয়র্কে কঠোর গোপনীয়তার মধ্যে অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকের কথা প্রেসিডেন্ট মাদুরো ও তার প্রশাসনের শীর্ষস্থানীয় কর্মকর্তারা স্বীকার করেছেন। এসব বৈঠকে আরিয়েজা যুক্তরাষ্ট্রের দূতকে ‘ব্যক্তিগতভাবে, সরকারিভাবে কিংবা গোপনে’ ভেনেজুয়েলা সফরের আমন্ত্রণ জানিয়েছেন। মাদুরো এ ব্যাপারে বলেন, ‘যদি আব্রাম দেখা করতে চান, তাহলে আমাকে কেবল বলুন কখন, কোথায় এবং কীভাবে সেখানে যেতে হবে।’ আব্রাম ও আরিয়েজার সর্বশেষ বৈঠকটি গত সপ্তাহের সোমবার হয়েছে বলে জানিয়েছেন ভেনেজুয়েলার এক নেতা। ভেনেজুয়েলার সংকট নিরসনে দূত আব্রাম এর আগে গত ৭ ফেব্রুয়ারি বলেছিলেন, মাদুরোর সঙ্গে সংলাপের সময় অনেক আগেই পেরিয়ে গেছে। যুক্তরাষ্ট্র মাদুরো প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের ব্যাপারেও আগ্রহী বলে ট্রাম্প প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত