বাংলা ভাষা ও সংস্কৃতি এবং মুক্তিযুদ্ধের চেতনাকে বিকশিত করার লক্ষ্যে আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিকেন্দ্রিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর আয়োজনে শুরু হচ্ছে ১৩ দিনব্যাপী ‘ভালোবাসার মাতৃভাষা সাংস্কৃতিক উৎসব-২০১৯’। গতকাল বৃহস্পতিবার ঢাবি সাংবাদিক সমিতি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
লিখিত বক্তব্যে স্লোগান ৭১-এর সভাপতি সুজন মিয়া জানান, উৎসবের উদ্বোধনী আয়োজনে ঢাবি উপ-উপাচার্য অধ্যাপক কবি মুহাম্মদ সামাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, টিএসসির উপদেষ্টা অধ্যাপক ড. সৌমিত্র শেখর প্রমুখ উপস্থিত থাকবেন। এ ছাড়া থাকবে নৃত্য, সংগীত, আবৃত্তি, নাটক, মূকাভিনয়, বিতর্ক, কুইজ প্রতিযোগিতা, চলচ্চিত্র প্রদর্শনী, স্থিরচিত্র প্রদর্শনী, ভাষাভিত্তিক রচনা প্রতিযোগিতা, ভাষা সাইকেল র্যালিসহ বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনা। প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত এ আয়োজন চলবে।
