হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ক্লাস-পরীক্ষা চালুর দাবিতে এবার সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-দিনাজপুর সড়ক অবরোধ করেন বিজ্ঞান ও কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা।
এর আগে শুক্রবার সন্ধ্যায় দুই অনুষদের শিক্ষার্থীরা ওরিয়েন্টেশন করতে দেওয়া হবে না ঘোষণা দেন। এরই প্রেক্ষিতে ২০১৯ সেশনের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন স্থগিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গত কয়েক মাস ধরে চলমান বিভিন্ন ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ক্লাস-পরীক্ষা স্থগিত আছে। ক্লাস-পরীক্ষা চালুর দাবিতে হাবিপ্রবির শিক্ষার্থীরা দফায় দফায় প্রশাসনিক ভবনে তালা দেওয়া থেকে শুরু করে ক্লাস-পরীক্ষা চালুর দাবি জানিয়ে আসছে। দাবি আদায় না হলে সর্বশেষ শিক্ষার্থীরা শনিবার সকাল ১০টার দিকে ঢাকা-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে রাখে।
অপরদিকে কয়েক ঘণ্টার রাস্তা অবরোধে বিপাকে পড়ে বিভিন্ন পরিবহন ও সাধারণ মানুষ। এই অচলাবস্থায় বিশ্ববিদ্যালয় প্রশাসন একাধিক আলোচনা করেও কোনো সমাধান টানতে পারেনি।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমাদের একদম যৌক্তিক দাবি। আমরা বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছি। প্রশাসন বা শিক্ষকদের রাজনীতির কবলে পড়ে আমাদের জীবন নষ্ট করতে পারি না। আমাদের যত দ্রুত ক্লাস-পরীক্ষা শুরু হবে তত দ্রুতই সকল সমস্যা সমাধান হবে।
তারা আরও বলেন, ‘গত নভেম্বর থেকে আমাদের ক্লাস-পরীক্ষা হচ্ছে না। আমরা চাই না নবাগত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে এসে এই নোংরা রাজনীতি দেখুক। এ জন্য আমরা প্রশাসনের কাছে আবেদন করে আসছি কিন্তু কোনো ফলাফল পাচ্ছি না।’
দ্রুত সমস্যা সমাধান করে ক্লাস-পরীক্ষা চালুর অনুরোধ জানান শিক্ষার্থীরা।
রাস্তা অবরোধের কারণে দেখা যায় বিভিন্ন যানবাহন ঝুঁকি নিয়ে লোকাল চিকন সড়ক দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে।
দিনাজপুরগামী রাহবার পরিবহনের চালক মো. মোজাম্মেল হোসেন বলেন, ‘ছাত্রদের আন্দোলনে আমাদেরও ভোগান্তি বাড়ছে।
বিশ্ববিদ্যালয়ের বিষয়ে সাধারণ মানুষের ভোগান্তি খুব দুঃখজনক বলে তিনি মনে করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. সফিউল আলম বলেন, আমরা এর আগে আন্দোলনরত শিক্ষার্থীদের অনুরোধে ও তাদের সম্মান জানিয়ে ওরিয়েন্টেশন স্থগিত করেছি। চলমান অবস্থার সমাধানে আমরা কাজ করে যাচ্ছি। আমরা চাই যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান হবে তত দ্রুতই বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক অবস্থা ফিরে আসবে।
