না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন সোনালি কাবিনের কবি আল মাহমুদ। ১৫ ফেব্রুয়ারি, শুক্রবার রাত ১১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো বাংলাদেশে।
এদিকে কবি আল মাহমুদের মৃত্যুতে শোক জানিয়েছে মার্কিন দূতাবাস। প্রতিষ্ঠানটি তাদের ফেসবুক পেজে এই কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছে। মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, ‘বিশ শতকের অন্যতম মহান কবি আল মাহমুদের মৃত্যুতে মার্কিন দূতাবাস শোকাহত। বাংলা ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, জাতীয়তাবাদ এবং আর্থসামাজিক প্রেক্ষাপটে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার পরিবার, স্বজন, এবং ভক্তদের প্রতি আমাদের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করছি।’
উল্লেখ্য আল মাহমুদ ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের মোড়াইলের মোল্লাবাড়িতে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ। তার বাবার নাম মীর আবদুর রব, মায়ের নাম রওশন আরা মীর। তার স্ত্রী সৈয়দা নাদিরা বেগম মারা গেছেন কয়েক বছর আগে।
‘সোনালি কাবিন’, ‘লোক-লোকান্তর’, ‘কালের কলস’, ‘মায়াবী পর্দা দুলে উঠো’র মতো তার বহুল পঠিত ও সমাদৃত কবিতার বই তাকে দিয়েছে সমকালীন অন্যতম প্রধান কবির মর্যাদা।
