ভালোবাসা দিবসের দিন ডেকে নিয়ে বন্ধুরা মিলে গণধর্ষণ

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০১:১৫ পিএম

সাভারের হেমায়েতপুরে এক নারী পোশাক শ্রমিককে (২০) দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারীর ভাই বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা দুই-তিনজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

এর আগে ১৪ ফেব্রুয়ারি রাতে সাভারের হেমায়েতপুরের নতুনপাড়া এলাকার একটি ফাঁকা মাঠে ধর্ষণের শিকার হন ওই নারী।

ধর্ষণের শিকার ওই নারী ভাইয়ের সঙ্গে সাভার পৌর এলাকায় ভাড়া বাসায় থেকে হেমায়েতপুর আমান নিটিং কারখানায় চাকরি করতেন।

মামলা দায়েরের পর পুলিশ ভুক্তভোগী ওই নারী শ্রমিককে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠিয়েছে।

ভুক্তভোগী পোশাক শ্রমিকের ভাই জানান, তার ছোট বোন চার মাস ধরে হেমায়েতপুর এলাকায় আমান গার্মেন্টস এ নিটিং হেলপার পদে চাকরি করছেন। ওই পোশাক কারখানার রাকিব নামের এক অপারেটরের সঙ্গে তার বন্ধুত্ব হয়। পরে গত ১৪ ফেব্রুয়ারি রাকিব বোনকে গার্মেন্টসের পাশে একটি নির্জন জায়গায় ডেকে নিয়ে যায়। এ সময় সেখানে আগে থেকে অবস্থানকারী সুলতান, রাকিব ও তাদের কয়েকজন বন্ধু মিলে ভয়ভীতি দেখিয়ে গণধর্ষণ করেন তার বোনকে।

একপর্যায়ে বোনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্তরা বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়।

এদিকে ঘটনাটি জানার পর বোনকে নিয়ে তিনি সাভার মডেল থানায় রাকিব ও সুলতানের নাম উল্লেখ করে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা করেন।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় উল্লেখিত আসামিসহ অজ্ঞাতনামাদের দ্রুত গ্রেপ্তারে পুলিশি অভিযান চালানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত