রাজধানীর আগারগাঁওয়ে আট বছর বয়সী শিশু ধর্ষণের ঘটনায় বাংলাদেশ বেতারের দোতারা বাদক আবদুর রাজ্জাক দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
রবিবার ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন তার জবানবন্দি রেকর্ড করেন। তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে ধর্ষক আবদুর রাজ্জাক ঘটনার পর এলাকাবাসীর গণ ধোলাই থেকে বাঁচতে চাঁদাবাজির নাটক সাজায় বলে জানিয়েছেন শেরেবাংলা নগর থানা-পুলিশ। অসুস্থ শিশুটি রবিবার পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছেন ওসিসির সমন্বয়ক ডা. বিলকিস আক্তার।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সি দেশ রূপান্তরকে বলেন, ‘রবিবার আবদুর রাজ্জাক আদালতে ধর্ষণের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে সে জানায় হঠাৎ করে পশুবৃত্তি জাগ্রত হওয়ায় এমন ঘটনা ঘটিয়েছে।’
ওসি আরও বলেন, আবদুর রাজ্জাক তার ১/২ পশ্চিম আগারগাঁও এর বাসায় নিজ রুমে ওই শিশুকে ধর্ষণ করার পর শিশুটি কান্না করতে করতে চলে যায়। এ সময় পাশের রুমেই তার ছেলে ছিলো। তবে তার স্ত্রী বাসায় ছিলেন না। ধর্ষণের ঘটনা জানাজানি হলে এলাকাবাসী বাসার সামনে জড়ো হয়। এ সময় পুলিশ ঘটনাস্থলে গেলে সে দাবি করে চাঁদা নিতে মানুষ তার বাড়ির সামনে জড়ো হয়েছে। আসলে গণধোলাই থেকে রেহাই পেতে সে এই নাটক করে।’
গত শনিবার দুপুরে শিশুটি স্কুল ছুটির পর বাসায় ফেরার সময় প্রতিবেশী আবদুর রাজ্জাক তাকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করে। রক্তাক্ত অবস্থায় দৌড়ে রুম থেকে বের হয়ে বাসায় আসে। খবর পেয়ে পুলিশের সহায়তায় শিশুটিকে ঢামেক হাসপাতালে ভর্তি করে তার মা।
