নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করলেন ঐক্যফ্রন্টের আরো ৫ জন

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১১:১৭ পিএম

গত বছরের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে নির্বাচনকে চ্যালেঞ্জ করে বিএনপি ও ঐক্যফ্রন্টের আরো ৫ জন প্রার্থী রবিবার হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছেন।

তারা হলেন, বগুড়া- ৫ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, জয়পুরহাট- ২ এর আবু ইউসুফ মো. খলিলুর রহমান, শেরপুর- ৩ আসনে মো. মাহমুদুল হক রুবেল, ময়মনসিংহ- ৪ আসনে আবু আহমদ আকন্দ ওয়ালিদ, বরিশাল- ৬ আসনে আবুল হোসেন খান।

বিএনপিপন্থী আইনজীবীদের দেওয়া তথ্য অনুযায়ী এ নিয়ে ওই নির্বাচনে বিএনপি ও ঐক্যফ্রন্টে হয়ে প্রতিদ্বন্দ্বিতা করা মোট ৮২ জন প্রার্থী নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করলেন।

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি (বুধবার) পর্যন্ত ঐক্যফ্রন্টের ২৫ জন ট্রাইব্যুনালে মামলা করেছিলেন। এরপর ১৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) মামলা করেছিলেন আরো ৪৯ জন।

এ ছাড়া পৃথকভাবে আরো তিনজন প্রার্থী মামলা করেছিলেন বলে জানান আইনজীবীরা। এর মধ্যে গণফোরামের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী (ঢাকা-৬), সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু (ঢাকা-৭) এবং বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী (মাগুরা-২) রয়েছেন।  

এসব মামলা দেখভালের দায়িত্বে থাকা বিএনপির আইনজীবী প্যানেলের অন্যতম সদস্য ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল দেশ রূপান্তরকে বলেন, পর্যায়ক্রমে আরো অনেকেই নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করবেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে চ্যালেঞ্জ করে গত ৯ ফেব্রুয়ারি হাইকোর্টের  নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করার সিদ্ধান্ত নেয় বিএনপি। এরপর থেকেই সারা দেশের বিভিন্ন আসনের ঐক্যফ্রন্টের প্রার্থীরা হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা দায়ের শুরু করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত