পারফরম্যান্সটা তার আর আগের মতো নেই। বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে এসে রান খরায় ভুগেছেন সম্প্রতি। ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের হয়েও অনিয়মিত ক্রিস গেইল। ৩৯ বছর বয়সী এই ব্যাটিং দানব এবার ওয়ানডে ক্রিকেট থেকে নিজের অবসরের সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন।
ইংল্যান্ড ও ওয়েলসে হতে যাওয়া বিশ্বকাপের পরই ৫০ ওভারের ক্রিকেটকে বিদায় বলবেন গেইল। রোববার নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন তিনি। টেস্ট ক্রিকেটকে অবশ্য অনেক আগেই বিদায় বলেছেন তিনি। শুধু ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলে যাচ্ছিলেন।
১৯৯৯ সালে ভারতের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক গেইলের। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক গেইল। ব্রায়ান লারা পরই যেখানে তার স্থান। এই ফরম্যাটে ১০হাজার রানের মাইলফলক থেকে মাত্র ২২৩ রানে দূরে তিনি। এখন পর্যন্ত খেলেছেন ২৮৪ ওয়ানডে।
২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ওয়ানডেতে সবচেয়ে বেশি সেঞ্চুরির কীর্তি গড়েন গেইল। সেবার বিশ্বকাপে প্রথম ক্যারিবীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে করেন ডাবল সেঞ্চুরি। কিন্তু সেই বিশ্বকাপের পর গেল বছরগুলোতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে মাত্র ১৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন গেইল।
