গত জাতীয় নির্বাচনের দিন সহিংসতার ঘটনায় দায়ের করা ৪টি মামলায় হবিগঞ্জে বিএনপি প্রার্থী সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি কে গউছ ও তার ভাই জি কে গফফারসহ ১৪ জন নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।
সোমবার জেলা ও দায়রা জজ এবং বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক আমজাদ হোসেনের আদালতে হাজির হয়ে এসব মামলার ৩৩ জন আসামি জামিন আবেদন করলে বিচারক ১৪ জনকে কারাগারে প্রেরণের আদেশ দেন। বাকিদের জামিন আবেদন মঞ্জুর করা হয়।
আদালত সূত্রে জানা যায়, গত জাতীয় সংসদ নির্বাচনের দিন সদর উপজেলার তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হবিগঞ্জ শহরের জে কে এন্ড এইচ কে হাইস্কুল, সওদাগর কৃষ্ণধন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্টাফ কোয়ার্টার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সহিংসতা ও ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার ঘটনা ঘটে।
এসব ঘটনায় পৃথক ৪টি মামলা দায়ের করা হয়। প্রতিটি মামলায় বিএনপি প্রার্থী জি কে গউছ ও তার ভাই জি কে গফফারসহ বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়।
উক্ত মামলায় আসামিরা উচ্চ আদালত থেকে ৪ সপ্তাহের আগাম জামিন আনেন।
উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী সোমবার ৩৩ জন হবিগঞ্জের জেলা ও দায়রা জজ এবং বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক আমজাদ হোসেনের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।
বিচারক তাদের মাঝে জি কে গউছ, তার ভাই জি কে গফফার, মো. ছামিউল বাছির, এনামুল হক এনাম, আব্দুস সাহেদ, শাহরিয়ার সৌরভ, আফিল উদ্দিন, এমদাদুল হক, শাহ রাজিব আহমেদ রিংগন, মো. মাহবুব, কোহিনুর মিয়া, জহিরুল হক শরিফ, সুমন মিয়া ও মিজানুর রহমান বাবুলের জামিন আবেদন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) সিরাজুল হক চৌধুরী। তাকে সহযোগিতা করেন আওয়ামী আইনজীবী পরিষদের সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন পিপি সিরাজুল হক চৌধুরী।
