ঢাকার বেশিরভাগ এলাকায় মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত গ্যাস থাকবে না। মেট্রোরেলের কাজ, গ্যাসের ভাল্ব প্রতিস্থাপন এবং লিকেজ মেরামতের কারণে গ্যাস সংযোগ বন্ধ রাখা হবে।
সোমবার কারওয়ান বাজারে অবস্থিত তিতাসের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রকৌশলী মো. কামরুজ্জামান খান (অপারেশন)। এসময় অন্যদের মধ্যে মহাব্যবস্থাপক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রকৌশলী আব্দুল ওয়াহাব তালুকদার, পাইপলাইন বিভাগের ডিজিএম প্রকৌশলী সামিউল হক খানসহ ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মেট্রোরেল প্রকল্পের কাজের জন্য শাহবাগ মোড় এলাকায় তিতাস গ্যাস বতমানে যে ৮ ইঞ্চি ব্যাসের পাইপলাইন আছে তা সরিয়ে নতুন করে পাইপলাইন স্থাপন করা হয়েছে। যার দুই প্রান্ত বিদ্যমান লাইনের সঙ্গে সংযোগ দেওয়া বা টাই ইন করা প্রয়োজন।
এ কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখা প্রয়োজন। এই পাইপলাইন সারা ঢাকা শহরে প্রধান লাইন হিসেবে বিস্তৃত থাকায় মিরপুর, শ্যামলী, আগারগাঁও, মোহম্মদপুর, ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, শাহবাগ, গ্রিনরোড, পুরান ঢাকার পুরো এলাকা, মিন্টু রোড, বঙ্গভবন,গণভবন, জাতীয় সংসদ ভবনসহ আশেপাশের এলাকা, নন্দীপাড়া, গোপীবাগ, স্বামীবাগ, রামপুরা, বনশ্রী, মতিঝিল, কমলাপুর, মনিপুরী পাড়া, সিদ্ধশ্বরী, সেগুনবাগিচা, তেজগাঁও, বাসাবোসহ আশপাশের এলাকায় মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।
আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজিসহ সব ধরনের গ্রাহকদের গ্যাস বন্ধ থাকবে। এর প্রভাবে ওই সময় এর আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ কম বা স্বল্প থাকতে পারে।
গ্যাস সরবরাহ বন্ধের সাময়িক এ অসুবিধার জন্য তিতাস গ্যাস দুঃখ প্রকাশ করেছে।
গত শুক্রবার বিকেলে আশুলিয়ায় সিটি গ্যাস স্টেশনে (সিজিএস) পাইপলাইন ক্ষতিগ্রস্তের পর মিরপুর, মোহাম্মদপুর, গাবতলী, শ্যামলী, আগারগাঁও, ধামরাই, আশুলিয়া, আমিনবাজার ও সাভারসহ রাজধানীর অনেক এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়।
তবে শনিবার দুপুরের পর কয়েকটি স্থানে বিকল্প উপায়ে গ্যাস সরবরাহ হলেও তা ছিল চাহিদার তুলনায় খুবই কম। তবে রোববার সকালে লাইনের মেরামত কাজ শেষ হলেও অনেক এলাকায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়নি। এ বিষয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় গ্যাসের চাপ স্বাভাবিক হচ্ছে না।
