সিলেট এমসি কলেজে বসন্ত উৎসবে বসার জায়গা নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় ছবি তুলতে গিয়ে হামলায় আহত হয়েছেন চারজন আলোকচিত্র সাংবাদিক। সোমবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীসূত্র জানায়, মোহনা সাংস্কৃতিক সংগঠন সোমবার এমসি কলেজ ক্যাম্পাসে বসন্ত উৎসবের আয়োজন করে। উৎসব শুরুর কিছুক্ষণ পর সেখানে বসার জায়গা নিয়ে এমসি কলেজ ছাত্রলীগ ও পার্শ্ববর্তী সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় কলেজ ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ শিক্ষার্থীরা প্রাণভয়ে দৌড়ে ক্যাম্পাস ত্যাগ করেন।
এ সময় কয়েকজন আলোকচিত্র সাংবাদিক ছবি তুলতে গেলে তাদের ওপর চড়াও হয় ছাত্রলীগ নেতা কর্মীরা। তারা মারধর করে সাংবাদিকদের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। হামলায় আহত হয়েছেন সাংবাদিক ইউসুফ আলী, মিঠু দাস জয়, অসমিত অভি ও কাউসার আহমদ। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শাহপরান থানার ওসি আখতার হোসেন জানান, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে। সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
