অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই: শাফিন আহমেদ

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১০:০৮ পিএম

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী কণ্ঠশিল্পী শাফিন আহমেদ বলেছেন, ভোটারদের সম্মান রক্ষার্থে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই।

সোমবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ের সামনে নির্বাচনী প্রচারণা চালানোর সময় তিনি এ কথা বলেন। আগামী ২৮ ফেব্রুয়ারি এই নির্বাচনের ভোটগ্রহণের কথা রয়েছে।

ঢাকার মানুষ পরিবর্তন চায় দাবি করে শাফিন আহমেদ বলেন, ‘অবশ্যই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। ভোটাররা ভোটকেন্দ্রে যাবেন এবং ভোটাধিকার প্রয়োগ করবেন। রাজধানীর মানুষ গতানুগতিক রাজনীতির ধারার পরিবর্তন চায়, সেটা আমাদের মাধ্যমেই সম্ভব।’

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে ঢাকার উন্নয়নের পথিকৃৎ দাবি করে এই সংগীত শিল্পী বলেন, ‘তিলোত্তমা ঢাকার শুরু হুসেইন মুহম্মদ এরশাদের হাত দিয়েই। আমরা এরশাদের উন্নয়নের ধারাবাহিকতা এগিয়ে নিতে চাই। পান্থপথ, বেড়িবাঁধ, রোকেয়া সরণি, আর্মি স্টেডিয়াম থেকে শুরু করে সব উন্নয়নের সঙ্গেই এরশাদের ছোঁয়া লেগে আছে। ঢাকাবাসী এখনো মনে রেখেছে তার অবদান।’

লাঙল প্রতীকের প্রচারণাকালে শাফিন আহমেদের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, আন্তর্জাতিক বিষয়ক যুগ্ম সম্পাদক হাসিবুর রহমান জয়, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মিল্টন মোল্লা, যুগ্ম দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খানসহ কেন্দ্রীয় ও স্থানীয় অন্যান্য নেতা-কর্মী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত