আট মাস আগে অবসর নিলেও ‘ল্যান্ড ক্রুজার প্রাডো মডেলের’ সরকারি গাড়িটি আটকে রেখেছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের এক কর্মকর্তা। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানান, অনুসন্ধান শুরুর পর গতকাল সোমবার সাবেক প্রকল্প পরিচালক ড. মাহবুবুল আলম গাড়িটি ফেরত দেন। দেশ রূপান্তরকে তিনি বলেন, অবসরে যাওয়ার আট মাস পরও তিনি সরকারি গাড়িটি অবৈধভাবে ব্যবহার করছেন বলে কমিশনের হটলাইনে অভিযোগ আসে। অনুসন্ধানে অভিযোগের সত্যতা মেলে। সকালে মাহবুব গাড়িটি চালককে দিয়ে পাঠিয়ে দেন। পরে সেটা প্রাণিসম্পদ অধিদপ্তরকে ফেরত দেওয়া হয়। এর আগে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সিবিএ সাধারণ সম্পাদক ও সভাপতির কাছ থেকে দুটি গাড়ি জব্দ করে পিডিবিকে বুঝিয়ে দেওয়া হয়।
×
