জাতীয় ঐক্যফ্রন্টের গণশুনানিকে গণতামাশা আখ্যা দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “গণশুনানি কাকে বলে? গণশুনানি না গণতামাশা? গণতামাশার জন্য অনুমতি চাইলে পুলিশ কমিশনারকে বলব।”
মঙ্গলবার ঢাকার তেজগাঁওয়ে সড়ক ভবনে এক দাপ্তরিক কর্মসূচি শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
জাতীয় ঐক্যফ্রন্টকে গণশুনানির জন্য সরকার কোনো জায়গা দিচ্ছে না- বিরোধী জোটের এমন অভিযোগের জবাবে তিনি আরও বলেন, “সোহরাওয়ার্দী উদ্যান তো আছে।”
এসময় ওবায়দুল কাদের বলেন, “সমালোচনা গণতন্ত্রের স্বাস্থ্যের জন্য ভালো হতে পারে। বিরোধী দল না থাকলে, সমালোচনা না থাকলে শুদ্ধ হওয়া যায় না। বিরোধী দলের গঠনমূলক সমালোচনা থেকে আমরা শুদ্ধ হতে পারি।”
সরকারের কর্মকাণ্ড নিয়ে ১৪ দলের সমালোচনার প্রতি দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, “১৪ দলের শরিকদের সমালোচনার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছি। তারা আজকে মুখ খুলেছেন, সমালোচনা করছেন।”
আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পঙ্গু হয়ে যাবে- নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার এই বক্তব্যের জবাবে দলটির সাধারণ সম্পাদক বলেন, “আওয়ামী লীগ নয়, মামলা করতে করতে তারা (ঐক্যফ্রন্ট) নিজেরাই পঙ্গু হয়ে যাবে।”
