জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ চলাকালে কর্তব্যরত সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়টির সাংবাদিক জোট। মানববন্ধনে হামলার ঘটনায় জড়িতদের জড়িতদের শাস্তি ও ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপত্তা প্রদানের দাবি জানানো হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক জোটের আয়োজনে মঙ্গলবার বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অপরাধীদের বিরুদ্ধে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কোনো পদক্ষেপ গ্রহণ না করলে আরও কঠিন পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।
ক্যাম্পাসে বারবার ছাত্রলীগ কর্তৃক সাংবাদিকরা নির্মম হামলার শিকার হচ্ছে জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকসহ সাধারণ শিক্ষার্থীদের অভিভাবক হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের যাবতীয় নিরাপত্তার দায়িত্ব নেওয়ার কথা। সেখানে জবি প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। মানববন্ধনে অন্যান্য বক্তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের রহস্যজনক ভূমিকার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক জোট এর আহ্বায়ক জাহিদুল ইসলামের সাদেকের সভাপতিত্বে ও সদস্যসচিব রবিউল আলম এর সঞ্চালনায় এতে বক্তব্য প্রদান করেন জবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও যুগান্তরের জবি প্রতিনিধি হুমায়ূন কবির হুমু, যুগ্ম সাধারণ সম্পাদক ফারহানা রাহি, জবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দিপু রায়হান, বিডি নিউজ টুয়েন্টিফোর এর ফখরুল ইসলাম, ইউএনবি এর আজিজুল হক, ঢাকা প্রতিদিন এর আব্দুল্লাহ আল মামুন, দৈনিক করতোয়ার শাপলা সোমা প্রমুখ।
মানববন্ধন শেষে সাংবাদিকরা কালো ব্যাজ ধারণ করে পুরো ক্যাম্পাসে মৌন মিছিল করেন।
