জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সহযোগিতায় ক্যাম্পাসে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- জবি বাংলা বিভাগের ১৩ ব্যাচের শিক্ষার্থী নাঈম আল অদম্য, রসায়ন বিভাগের ১৩তম ব্যাচের আবু সায়েম ।
এদিকে সংঘর্ষের ঘটনায় চারজনের নাম উল্লেখ করে মামলা দিয়েছে কোতোয়ালি থানা-পুলিশ। আসামিরা হলেন, জবি ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি তরিকুল ইসলামের একান্ত আস্থাভাজন কর্মী তরিকুল ইসলাম রিমন ওরফে ছোট তরিকুল, সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেলের একান্ত আস্থাভাজন কর্মী কামরুল ইসলাম, স্থগিত কমিটির সহ সভাপতি হাসান আহমেদ খান ও অপরজন ছাত্রলীগের স্থগিত কমিটির সহ সভাপতি আশরাফুল ইসলাম টিটন ।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) উল্লেখিত চার ছাত্রলীগ নেতা ছাড়াও অন্তত আরও ১০০ থেকে ১২০ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে কোতোয়ালি থানার উপ পরিদর্শক খালিদ শেখ বাদী হয়ে মামলাটি করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম মশিউর রহমান পিপিএম সাংবাদিকদের মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির সহযোগিতায় ক্যাম্পাসে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত নাঈম আল অদম্য ও আবু সায়েমের কাছ থেকে এ সময় লাঠি, লোহার রডসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে লালবাগ বিভাগের ডিসি ইব্রাহীম খান বলেন, পুলিশ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা না বলে ক্যাম্পাসে যায় না। ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে বলেও তিনি জানান।
